Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী কারাগারে

জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বর্ষীয়ান রাজনৈতিক নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:২২ পিএম

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে “জয় বাংলা” স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বর্ষীয়ান রাজনৈতিক নেতা মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন। জানাজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই সেখানে উপস্থিত নেতা-কর্মীদের একাংশ “জয় বাংলা” স্লোগান দিতে শুরু করেন।

জানাজা শেষে জনসাধারণের জানমালের ক্ষতিসাধন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ঘটনাস্থল ও এর আশপাশ থেকে ১৯ জনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন - মেহেদী হাসান, মো. সুমন, মো. ইমন, মহিউদ্দিন, মো. বশর, হাসান, সজিব, মুসা, জয়নাল, রাসেল, সাদ্দাম হোসেন, আলামিন, রাকিক, শরীফ মিয়া, সোহেল, মনির, রায়হান, ইলিয়াস ও জাহিদুল হক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, ‍“জানাজা সম্পন্ন হওয়ার পর লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে জনসাধারণের ক্ষতি করার চেষ্টাকালে এই ১৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এভাবে দলবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।” 

ওসি আরও উল্লেখ করেন যে, গ্রেপ্তারকৃত আসামিদের অধিকাংশের বিরুদ্ধেই থানায় আগে থেকে একাধিক সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

   

About

Popular Links

x