ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে হেলিকপ্টারে তোফায়েল আহমেদের মরদেহ তার নিজ জেলা ভোলায় নিয়ে যাওয়া হয়। এসময় প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। পরে জোহরের নামাজ শেষে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পুলিশের একটি চৌকস দল “গার্ড অব অনার” প্রদান করে। এসময় বিউগলের করুণ সুর পুরো এলাকায় শোকের আবহ তৈরি করে।
এরপর আরো একটি জানাজা অনুষ্ঠিত হয় তোফায়েল আহমেদের জন্মস্থান কোরালিয়া গ্রামের বাড়ির চত্বরে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।
এদিকে জানাজা চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। বরিশাল জোনের ডিআইজিসহ পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব সদস্যরা মাঠের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।



