মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন।
সোমবার (১ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার স্বজন (স্ত্রীর বড় ভাই) মামুন তালুকদার শেখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত কারণে শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন তিনি।
৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখা বর্ষীয়ান এ রাজনীতিবিদ ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
নয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া তোফায়েল আহমেদ একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।



