কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ছাড়াতে যাওয়ায় আহসান ওরফে হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে উপজেলার আমলা পুলিশ ক্যাম্প থেকে মাদক ব্যবসায়ীদের ছাড়াতে গেলে তাকে আটক করা হয়। এসময় আটক ওই যুবকের কাছেও মাদকদ্রব্য পাওয়া যায়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে স্থানীয় আমলা ক্যাম্পের অভিযান চালিয়ে শাকিল এবং সাকিব নামে দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রাত ১০টার দিকে মাদককারবারীদের ছাড়িয়ে নেওয়ার জন্য আমলা পুলিশ ক্যাম্পে তদবির করতে আসায় হাসান নামে এক যুবককে আটক করি। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।”
গত ৯ মে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলীর ছেলে রবিউল ইসলামকে ৮ পিস ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ।
মাদকব্যবসায়ী রবিউল ইসলামকে মাদকসহ থানায় নেওয়ার পর সেখানে উপস্থিত হন একই এলাকার বিএনপি এবং জামায়াতের স্থানীয় পাঁচজন নেতা। তারা আটক মাদকব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার জন্য ওসির ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা ওসির সঙ্গে তর্কে জড়ান। পরে পুলিশ ওই পাঁচ জনকে হেফাজতে নেয়। পরদিন তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।



