Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

তাহিরপুরে এ ঘটনায় আরও একজন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন

আপডেট : ২১ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসানুল মিয়া (১৬) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি এবার বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বাবাকে হারানোর পর পরিবারের সহায়তায় লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ করতেন আহসানুল। বুধবার (২০ মে) তার এসএসসি পরীক্ষা শেষ হয়। পরদিনই নির্মাণকাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

স্থানীয়দের ভাষ্য, একটি তিনতলা ভবনের নির্মাণকাজ চলাকালে ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।

তাহিরপুর সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ আলাউল হক সরকার বলেন, “বিদ্যুতের লাইনের পাশেই ভবনটির নির্মাণকাজ চলছিল। তবে কাজ শুরুর আগে লাইন বন্ধের বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়নি।“

অন্যদিকে ভবনের মালিক সাজু আহমেদ দাবি করেন, চার মাস আগে থেকেই বিদ্যুতের লাইন সরানোর জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

   

About

Popular Links

x