Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাম কমলেও রাজধানীর বাজারে নেই স্বস্তি, সবজির বাজার এখনও চড়া

একইসঙ্গে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম, তবে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়  

 

 

আপডেট : ২২ মে ২০২৬, ১২:০৮ পিএম

আর মাত্র সপ্তাহখানেক পরেই ঈদ-উল-আজহা। এই উপলক্ষে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও তা এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ১০০ টাকা থেকে চলতি সপ্তাহে বেশির ভাগ সবজি ৮০ টাকা কেজিতে বিক্রি হলেও একে চড়া দাম বলছেন সাধারণ ক্রেতারা। 

শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।  

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, করলা, পটল, ঝিঙ্গা, বরবটি, পেঁপে, চিচিঙ্গা ও ধন্দুল - এই সবজিগুলো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা, শসা ৬০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, প্রতি পিস লাউ ও জালি ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারে আসা বেসরকারি চাকরিজীবী শিহাব ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত সপ্তাহে তো সব সবজির দাম ১০০ টাকা বা তার উপরে ছিল, সেই তুলনায় আজকের বাজার কিছুটা কম। কম বললেও ভুল হবে সব সবজি তাই ৮০ টাকা কেজি। দোকানদাররা যে যার মত করে সবজির দাম নির্ধারণ করে বিক্রি করছে, সাধারণ ক্রেতাদের জন্য বাজার মনিটরিংয়ের কোন উদ্যোগ দেখি না। সঠিকভাবে বাজার মনিটরিং করা গেলে সবজির দাম হয়তো বা আরো কম থাকতো।”

রামপুরা বাজারের সবজি বিক্রেতা শিহাব উদ্দিন বলেন, “সবজির দাম কিছুটা কমে এসেছে। সামনে ঈদে পরিবহন সমস্যা, যানজট হওয়ার কারণে সবজি সরবরাহ কিছুটা কমে ঈদের সময় দাম বাড়তে পারে।”

সবজির পাশাপাশি মুরগি ও ডিমের বাজারেও কিছুটা দাম কমেছে। গত সপ্তাহের তুলনায় ডজন প্রতি ডিমের দাম ১৫ টাকা এবং ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমেছে। বাজারে বর্তমানে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়।

রায়েরবাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা রমিজ উদ্দিন জানান, ঈদের পর কিনেছিলাম। তখন ২০০ টাকা কেজি ছিল। আজকে নিলাম ১৭৫ টাকা করে। দাম কিছুটা কমেছে। তবে সোনালি জাতের মুরগি কিনতে ক্রেতাকে কেজিতে গুনতে হচ্ছে ৩৩০ টাকা। অন্যদিকে, বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের মতোই প্রতি কেজি ৮০০ টাকায়।

মুরগি, ডিম ও সবজির দামে কিছুটা ছাড় মিললেও মাছের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। বাজার ঘুরে দেখা যায়, আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি কিনতে খরচ করতে হচ্ছে ৫৫০-৯০০ টাকা। ১ কেজি সাইজের ইলিশ ২,৫০০-৩,০০০ টাকা।

অন্যান্য মাছের মধ্যে প্রতি কেজি দেশি টেংরা ৬০০ টাকা, বেলে ৩৫০ টাকা, বাইন ৬০০-৮০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, কই ৪০০-৫০০ টাকা, শিং ৪০০ টাকা, রুই ২৪০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আজ পাঙাশের সরবরাহ বেশি থাকায় তা ১৮০-২০০ টাকা।

   

About

Popular Links

x