Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক

আপডেট : ১১ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম

রাজধানীর মগবাজারে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির দেয়া জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এর আগে বুধবার আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক ব্যাখ্যা ও জবাবে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, নবজাতক মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য বা সন্তোষজনক নয়।

রাজধানীর মিন্টো রোডের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক জবাব পাওয়া না গেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ লাইসেন্স বাতিলের মাধ্যমে সেই সিদ্ধান্তের প্রতিফলন ঘটল।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়টি নবজাতক মারা যায়। এই মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে তীব্র আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়।

গত ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। সেদিনই বিকালে হাসপাতালকে কারণ দর্শানোর নোটিস দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তিন দিনের মধ্যে তা জানাতে বলা হয় নোটিসে।

   

About

Popular Links

x