Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার 

বৃহস্পতিবার সকালে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:৩৩ পিএম

খুলনার সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের বাড়ির গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। এ মামলায় ওই পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।  

এর আগে বুধবার দুপুরে রান্নার সময় তরকারি পুড়ে যাওয়ার কারণে গৃহকর্মীকে মারধর করে সোনাডাঙ্গা থানার পুলিশের এএসআই পপি মিত্র। ভুক্তভোগীর শরীরে গরম কড়াই দিয়ে ছ্যাঁকাও দেওয়ার অভিযোগও রয়েছে নারী পুলিশ সদস্যের বিরুদ্ধে। মুহূর্তেই নির্যাতনের ভিডিওটি সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়। পরে ওই গৃহকর্মীকে উদ্ধার করে “ভিকটিম সাপোর্ট সেন্টার” নেওয়া হয়। একইদিন  বিকেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের থানা হেফাজতে নেওয়া হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,  গত ৫ বছর যাবত সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্রের বাড়িতে কাজ করছে ওই গৃহকর্মী। বুধবার তাকে নির্যাতনের বিষয়টি জানাজানি হলে  রাতে ভুক্তভোগীর পরিবারকে খবর দেওয়া হয়। তারা বৃহস্পতিবার সকালে খুলনার সোনাডাঙ্গা থানায় আসেন এবং ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তিনি জানান, বুধবার থেকে পুলিশ দম্পতি গৃহকর্মী সম্পর্কে পুলিশের কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে থাকে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, “তারা দু’জনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা যে এ ধরনের অপরাধ করবে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না।”

ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।

   

About

Popular Links

x