Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৬০ দিনের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদের প্রার্থীদের ফলাফল প্রকাশ করে ৬০ দিনের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

২০২৪ সালের ২৯ জানুয়ারি ৪৩তম বিসিএসে ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়।  মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৪৬৫ প্রার্থী রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৫ ফেব্রুয়ারি আদালত রুলসহ আদেশ দেন।

এর ধারাবাহিকতায় তারা ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদগুলো সংরক্ষণের জন্য নির্দেশনা চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট ৪৩তম বিসিএসের ৮,৫০১টি নন-ক্যাডার পদ সংরক্ষণের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় চূড়ান্ত শুনানি শেষে আজ রায় ঘোষণা দেন হাইকোর্ট।  

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পক্ষে শুনানি করেন আইনজীবী মুনিরুজ্জামান।

আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির বলেন, “৪৩তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া আইন অনুযায়ী হয়নি এবং অস্বচ্ছ বলে রায়ে এসেছে। এখানে চূড়ান্ত ফলাফল প্রকাশ না করে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এটা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়।”

তিনি আরও জানান, হাইকোর্ট পিএসসিকে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করে ৬০ দিনের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন।

৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের জন্য ১২,৫৫১টি পদ রয়েছে বলেও জানান আইনজীবী হুমায়ন কবির।

   

About

Popular Links

x