Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী: বেনজীরকে ফিরিয়ে আনার বিষয়ে দুবাই কোনো জবাব দেয়নি 

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীরকে দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার খবর সামনে আসে গত ১৪ জুন

আপডেট : ২৬ জুন ২০২৬, ০২:৫১ পিএম

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় নাই। আশা করি খুব শিগগিরই জানানো হবে।” 

শুক্রবার (২৬ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তাকে গ্রেপ্তারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর, তারা ৩০ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠানোর জন্য বলেছিল। কিন্তু ৩ দিনের মধ্যেই সেসব প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়।” 

বেনজীর অন্য দেশের পাসপোর্ট বহন করছেন, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, “আমরা এখনো ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না।” 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার খবর সামনে আসে গত ১৪ জুন। ওই দিন সংসদে খবরটি জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

   

About

Popular Links

x