Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা ট্যাক্স প্রস্তাব’

 এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এই প্রস্তাব উত্থাপন করেন

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:১৮ পিএম

বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিত্তবৈভবের প্রদর্শন ও বিপুল অপচয় রোধে এক অভিনব প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি আমন্ত্রণ জানালে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স বা কর নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর দাবি, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানগুলোর এই অপচয় কমানো সম্ভব হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে-শাদীতে বিত্তবৈভবের অশ্লীল প্রদর্শনীতে বিপুল পরিমাণ অর্থ ও খাবারের অপচয় হয়। অনেক ক্ষেত্রে গায়ে হলুদের অনুষ্ঠানের নৃত্যের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। এসব অনুষ্ঠানে ব্যাপক অর্থ ব্যয়ের পাশাপাশি হাজার হাজার মানুষ অংশ নেন এবং পরিবেশন করা খাবারের অর্ধেকেরও বেশি অপচয় হয়। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এই অপচয় অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

অতীতের একটি আইনের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, আগে দেশে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স দিতে হতো। সেই নিয়মের আলোকেই আমরা নতুন করে প্রস্তাব করছি যে, সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স নির্ধারণ করা হোক।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিয়ে-শাদীতে বিত্তবৈভবের এই ধরনের প্রদর্শন ও অপচয় পুরোপুরি বন্ধ করা গেলে দেশের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অন্তত ১০ শতাংশ পর্যন্ত কমে আসবে।

   

About

Popular Links

x