Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সকালে দোকান খোলার পর ভেতরে বিশাল অজগর সাপটি দেখতে পান দোকান মালিক

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৯ জুন) সকালে দোকান থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগ।

হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খোলার পর ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান তিনি। এসময় কৌতূহলী মানুষ দোকানের সামনে ভিড় করেন। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করেন।

জানা গেছে, জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনও দেখা যায়নি। যেখান দোকান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই খোলপেটুয়া নদী। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে জোয়ারে ভেসে এসে নদীর পাশে থাকা দোকানটিতে আশ্রয় নেয় অজগর সাপটি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেটিকে সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।

   

About

Popular Links

x