টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
বুধবার (৮ জুলাই) সকাল থেকে খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে পানি ওঠায় যান চলাচল বন্ধ রয়েছে।
এদিন সকালে সাজেক সড়কের মাহিন্দ্র চালক মো. জসিম উদ্দিন জানান, দিঘীনালার কবাখালী, সাজেকের মাচালংসহ বিভিন্ন স্থানে সড়কের ওপর পানি উঠে যাওয়ায় সাজেকের সঙ্গে এসব এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেকের মাচালং এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৫০০ পর্যটক সাজেকে আটকা পড়েছেন। তবে রিসোর্টগুলোতে অবস্থানরত পর্যটকদের প্রয়োজনীয় খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, সাজেকের মাচালং, সীমানাছড়া ও দিঘীনালার কবাখালী এলাকায় সড়কের ওপর পানি ওঠায় বর্তমানে প্রায় সাড়ে চারশ থেকে ৫০০ পর্যটক সাজেকে আটকা পড়েছেন। সড়ক থেকে পানি নেমে গেলে পর্যটকরা নিরাপদে গন্তব্যে ফিরতে পারবেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সড়ক থেকে পানি নেমে যান চলাচল স্বাভাবিক হলে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণ ও পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তারা।
এদিকে, মঙ্গলবার রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসন টানা বৃষ্টিপাত, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।



