Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

একইসঙ্গে রায়ে দুই আসামিকে ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম

অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

অবৈধভাবে অর্জিত অর্থ গোপন ও পাচারের অভিযোগে করা মামলায় এ রায় দেওয়া হয়। দুই আসামিকে ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে তাদের।

পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম খান রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় অন্য আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, অবৈধ উপায়ে অর্জিত প্রায় ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে সংরক্ষণ ও উৎস গোপনের অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলাটির বাদী ছিলেন র‍্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী।

প্রসঙ্গত, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার এনু গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তার ভাই রুপন ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

   

About

Popular Links

x