Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা চিকিৎসাধীন রয়েছেন 

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:১১ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি লবণ কারখানায় আগুনে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

আহত শ্রমিকরা হলেন - দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাস (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নুর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহমুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।

তাদের মধ্যে দিদারুল আলমের শরীরের ৯৫%, লিটনের ৪০%, জাহিদুলের ৩৫%, সেলিমের ২০%, আলমের ৬৫%, মাহমুদুল হকের ৬০%, নূর নবীর ৪৫%, উজ্জ্বলের ৫০%, জাহেদুল ইসলামের ও সিরাজুল ইসলামের ১০% করে পুড়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সকালে কারখানার ভেতরে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন বাইরের কিছু শ্রমিক। এসময় শর্ট সার্কিট থেকে মেশিনে ও পাশে থাকা কাগজের আগুনে কয়েকজন আহত হয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার আজাহারুল ইসলাম বলেন, “সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে আমরা কারখানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু পোড়া কাগজ দেখেছি। আমরা যাওয়ার আগেই সেখানকার লোকজন আগুন নির্বাপণ করে ফেলেছিল।”

   

About

Popular Links

x