Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেলস্টেশন থেকে ধরে গ্রামে এনে গণপিটুনি, বাঁধার পরই যুবকের মৃত্যু

যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১:৩২ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে ইমন মিয়া (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলি গ্রামের পুরানবাড়ি এলাকায় ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল। এসব অভিযোগের পর একসময় তিনি গ্রাম ছেড়ে চলে যান। তবে স্থানীয়দের দাবি, মাঝেমধ্যে তিনি গ্রামে ফিরে এসে বিভিন্ন স্থানে চুরি করে আবার চলে যেতেন।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে পুরানবাড়ি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনায় ইমনের সম্পৃক্ততার সন্দেহে শনিবার পালিয়ে যাওয়ার সময় আঠারোবাড়ি রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয়রা।

এরপর তাকে মারধর করতে করতে গ্রামে নিয়ে আসা হয়। একপর্যায়ে গ্রামের মসজিদের সামনে বেঁধে রাখা হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. তারিকুল ইসলাম জানান, ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের বাবা সিলেট থেকে বাড়ির পথে রয়েছেন এবং তিনি এসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

   

About

Popular Links

x