Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলে দেওয়া হয়েছে দেবতাখুম, পর্যটকদের মানতে হবে যে ৪ নির্দেশনা

গত ১৬ জুলাই থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট দেবতাকুম ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। 

সোমবার (২০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়। 

সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে গত ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। 

বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জুলাই হতে দেবতাকুম পর্যটন স্পটটি শর্তসাপেক্ষে পুনরায় উন্মুক্ত করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটক বহনকারী কোনো যানবাহন বাইক, চাঁদের গাড়ি, ব্যক্তিগত গাড়ি কচ্ছপতলী বাজার অতিক্রম করতে পারবে না। সকল যানবাহন কচ্ছপতলী বাজারে অবস্থান করবে। কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ পর্যটকদের পায়ে হেঁটে যেতে হবে।

নৌপথে যাতায়াত করতে পারবেন পর্যটকরা। নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে। লাইফ জ্যাকেট ছাড়া কোনো পর্যটককে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না এবং পর্যটকদের নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের সকল যথাযথভাবে অনুসরণ করতে  নির্দেশনায় বলা হয়েছে। 

তবে আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস ও অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।

   

About

Popular Links

x