সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আরও দুটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে কার্যালয় এলাকায় আকস্মিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাসহ দলীয় একাধিক নেতাকর্মীরা জানান, রাতে কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। এরপরই স্থানীয়রা সেখানে জড়ো হন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ওসি জানিয়েছেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি তবে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।
এদিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড (দাঁদপুর) বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ আগস্ট দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এ আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।
অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্লাহ জানান, রাতের বেলা স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেন। পাশের দোকান মালিক শাহেদ আলীর আরও ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।



