ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় বিষখালী নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয়রা প্রথম ডলফিনটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে তা দেখতে নদীর তীরে ভিড় জমান আশপাশের বাসিন্দারা।
পরে স্থানীয় কয়েকজন যুবক সৌরভ, জোবায়ের, পায়েল ও সাইফুল নদী থেকে মৃত ডলফিনটি তীরে টেনে নিয়ে আসেন।
স্থানীয়দের ধারণা, প্রায় ৮ ফুট দৈর্ঘ্য ও আনুমানিক ১০০ কেজি ওজনের এই প্রাণীটি একটি মিঠাপানির ডলফিন বা গঙ্গাশুশুক।
কিশোর সাইফুল জানান, নদীতে ডলফিনটি ভেসে থাকতে দেখে তারা কয়েকজন মিলে সেটিকে পাড়ে টেনে আনেন, এরপর দেখার জন্য অনেক মানুষ সেখানে জড়ো হন।
এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা জানান, নদীর পানি দূষিত হলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে, যা শুশুকসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে। তিনি নদীতে বর্জ্য ও দূষিত তরল ফেলা বন্ধ করে পানির স্বাভাবিক পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এই ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও জানান তিনি।



