Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট

গত ২৭ আগস্ট জেলাভিত্তিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের জন্য এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের জন্য দায়িত্ব বণ্টন সম্পর্কিত সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপিসহ যৌথভাবে এ রিট দায়ের করেন জামায়াতে ইসলামীর বিভিন্ন আসনের ১১ জন সংসদ সদস্য (এমপি)। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়। তৎকালীন সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হলে আদালত ওই দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। 

“রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী সরকারের এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি।”

রিট আবেদনকারী ১১ জন সংসদ সদস্য হলেন—পাবনা-১ আসনের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বাকিরা হলেন, ঢাকা-১৪ আসনের মীর আহমেদ বিন কাশেম, রংপুর-৫ আসনের মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম বুলবুল, চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের শেখ মঞ্জুরুল হক রাহাদ,

পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম, গাজীপুর-৪ আসনের সালাউদ্দিন এবং চট্টগ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম।

এর আগে দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের। 

গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৬৪ জেলার জন্য এই দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

   

About

Popular Links

x