Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া

কলম্বিয়ায় ডানপন্থী প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর বৈদেশিক সম্পর্কে পরিবর্তন আনছেন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সরকার জানায়, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, এই অঞ্চলের জাতীয় নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলম্বিয়ার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা মাদকসন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ করেছে ইরানের বিরুদ্ধে। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে তেহরানের ভূমিকারও সমালোচনা করেছে বোগোতা। বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা সৃষ্টি এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে হামলার জন্য ইরানকে দায়ী করেছে কলম্বিয়ার সরকার।

তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও ইরানের সঙ্গে কনস্যুলার বা নাগরিক সেবাসংক্রান্ত যোগাযোগ বজায় রাখবে বলে জানিয়েছে কলম্বিয়া।

এদিকে, কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ক্ষমতায় আসার পর দেশটির বৈদেশিক জোট ও সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছেন।

গত ৭ আগস্ট বামপন্থী সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন পেয়েছেন।

ক্ষমতা গ্রহণের আগেই দে লা এসপ্রিয়েলা কিউবা ও নিকারাগুয়ার মতো বামপন্থী কর্তৃত্ববাদী সরকারের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে এখনও তিনি ওই দুই দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি।

   

About

Popular Links

x