নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ের কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কে বা কারা কাশবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লেকপাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
নিরাপত্তাকর্মীরা জানান, কে বা কারা আগুন দিয়েছে, তা তারা দেখতে পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, “অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এ কাজ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।”
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাত ৮টার দিকে দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে দেয়। পরে নিরাপত্তাকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।”



