Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাবার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ মাদ্রাসাছাত্র

ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ এএম

ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকা থেকে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে মাশুকুর রহমান ইমন (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিখোঁজের একদিন পর শহরতলির ফতেহপুর এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে ইমনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরে ইমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। ওই দিন তার পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি।

পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশকে জানান। মঙ্গলবার সকালে ইমনের বাবা শহীদুল ইসলাম সুজন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশও ইমনের খোঁজ শুরু করে। একপর্যায়ে ফতেহপুর এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাটারি ছাড়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

শহীদুল ইসলাম সুজন বলেন, “আমি শহরের সহদেবপুর, বিরিঞ্চিসহ আশপাশের এলাকায় রিকশা চালিয়ে সংসার চালাই। বাড়িতে এলে আমার ছেলে মাঝেমধ্যে অটোরিকশাটি নিয়ে বাড়ির আশপাশে চালাত। কিন্তু সোমবার সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না।”

কাউকে সন্দেহ করছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, “আমি কাউকে সন্দেহ করছি না। তবে গত কয়েক দিন ধরে আমার ছেলের এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। বিষয়টি ছেলে আমাকে সরাসরি জানায়নি, অন্যভাবে শুনেছি। নিখোঁজ হওয়ার সঙ্গে ওই ঘটনার কোনো সংশ্লিষ্টতা আছে কি না, আমি জানি না। আমি শুধু চাই, আমার ছেলে সুস্থভাবে ফিরে আসুক।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “ইমনের বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ইমনকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালাচ্ছে।”

   

About

Popular Links

x