পেশাদার ড্রাইভিং লাইসেন্স গ্রহণ ও নবায়নে ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ এই সিদ্ধান্ত নিয়েছে, যা গত ৩০ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের সময় আবেদনপত্রের সঙ্গে সরকারি হাসপাতাল কর্তৃক সম্পাদিত ডোপ টেস্ট রিপোর্ট বা সনদ জমা দিতে হবে।
ডোপ টেস্টে কেউ পজিটিভ হলে (মাদকসেবনের আলামত পাওয়া) বা চিকিৎসকের কোনও বিরূপ মন্তব্য থাকলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়ন করা হবে না।
আরও পড়ুন: জেনে নিন ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি ও খরচ
ড্রাইভিং লাইসেন্স গ্রহণ বা নবায়নকল্পে ডোপ টেস্টের প্রয়োজনে পেশাদার মোটরযান চালকদের বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিসে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, সারাদেশে সরকারি হাসপাতাল এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে ছয়টি প্রতিষ্ঠানে ডোপ টেস্ট করা যাবে।
ঢাকা মহানগরীর হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেরে বাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল।



