ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র তৈরি চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২১ মার্চ) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-প্রতারণা চক্রের মূলহোতা মো. গোলাম মোস্তফা (৬০), তার সহযোগী মো. জালাল বাশার (৫৪), মো. মুসলিম উদ্দিন, মো. মিনারুল ইসলাম মিন্নি (২২) ও মো. তারেক মৃধা (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে অনলাইনে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন দ্রব্য বেচাকেনার পাশাপাশি মোটা অংকের টাকার বিনিময়ে অল্প সময়ের মধ্যে ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন প্রকার জাল সনদ তৈরি করে আসছিল। এ ধরনের বিজ্ঞাপন র্যাবের সাইবার মনিটরিং সেলের নজরে আসলে র্যাব ওই চক্রের সঙ্গে জড়িতদের আটকে গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঢাকার মালিবাগ, বাসাবো, শাহজাহানপুর ও কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৩ এর একটি দল প্রতারণা চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে ২টি কম্পিউটার, ২,৪৬০টি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের জাল প্রাপ্তি স্বীকার রশিদ, ২৬টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, কার্ড প্রিন্টার, ১৮টি ভুয়া ড্রাইভিং লাইসেন্স, ৮০টি সাদা রঙের প্লাস্টিকের ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স তৈরির ব্লাঙ্ক কার্ড, ৫০টি স্বচ্ছ কার্ড হোল্ডার, দুই রিল সিকিউরিটি লেমিনেটিং পেপার, ৪টি সফটওয়্যারের সিডি, ৪টি পেনড্রাইভ, ৫টি মুঠোফোন ও নগদ ২,৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।



