Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দর্শনা কেরু চিনিকলে আখ মাড়াই শুরু

২০২২-২৩ মৌসুমে তিন হাজার ৮৮৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০১:১৪ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে। ২০২২-২৩ মৌসুমে ৫৩ কার্যদিবস মিল চালু রাখার লক্ষ্য রয়েছে। এই সময়ে ৬২ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৬.৫০% চিনি আহরণের হার ধরে তিন হাজার ৮৮৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে কেরুর কেন কেরিয়ারের ডোঙায় আখ ফেলে এই মৌসুমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু। সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।

পরে প্রধান অতিথিসহ চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ,সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম ডোঙায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ সময় চিনিকলের বিভাগীয় কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীসহ ইউনিয়নের সভাপতি সম্পাদক, আখচাষি এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুর রহমান অপু বলেন, “আখচাষিদের উদ্বুদ্ধ করতে এবং আখের উৎপাদন বাড়াতে এক দফায় আখের দাম বাড়ানো হয়েছে। আগামী মৌসুমে আবারও আখের দাম বাড়ানো হবে।”

তিনি আরও বলেন, “দেশে যে পরিমাণ চিনির চাহিদা রয়েছে, তা দেশের চিনিকলগুলো পূরণ করতে পারে না। তাই আমদানির ওপর নির্ভর থাকতে হয়। যদি আখচাষ বাড়ে, তাহলে সে চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হবে।”

   

About

Popular Links

x