পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সোনার বাংলা হোটেলের একটি কক্ষ থেকে তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতের দ্বিতীয় স্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, যশোরের চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস সাভারের আশুলিয়ায় বাস করতেন। শুক্রবার দ্বিতীয় স্ত্রী গঙ্গা রানীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন। রাতে পারিবারিক বিষয় নিয়ে তার প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী তাকে ওড়না দিয়ে ওই কক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



