Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসি: গাজীপুর ‍সিটি নির্বাচনে সবার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট করা সম্ভব কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হলো যেকোনো পরিস্থিতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। প্রথমদিক থেকেই বলছি, আমাদের কেউ চাপ দেয় না। আমরা কারও চাপ নেইও না’

আপডেট : ২৮ মে ২০২৩, ০৫:১১ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে সবার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, “প্রার্থীদের আচরণ ভালো ছিল, ভোটাররাও সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। পুলিশ প্রশাসন, প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণের দায়িত্বে যারা ছিলেন সবাই আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন।”

রবিবার (২৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, “আমরা সবসময় বলে এসেছি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে। আমাদের কাজ হলো যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসবে তাদের সবাইকে সমান সুযোগ দেওয়া এবং সবার জন্য সমান মাঠ রাখা। যাতে নির্বাচনের প্রচারণা বা প্রতিদ্বন্দ্বিতা করা বা ভোটের পরিবেশ সৃষ্টি করা। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সেই ব্যবস্থা আমরা করবো।”

অনেকেই মন্তব্য করছেন, মার্কিন ভিসানীতির কারণে গাজীপুর সিটির ভোট সুষ্ঠু হয়েছে- এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, “ভিসানীতিতে কী আছে না আছে সে বিষয়ে আমরা এখনও কোনো গবেষণা করিনি। আপনারা বলছেন ভোটের দিন এটি (ভিসানীতি) পত্রিকায় প্রকাশ পেয়েছে। কিন্তু তার আগেই তো ভোট শুরু হয়ে গেছে। তাহলে তার প্রভাব পড়লো কীভাবে? এমন না যে এটি আগে হয়েছে, আমরা দেখেছি। আমরা তো দেখিইনি। মাঠে ভোট চলছে। মানুষ কি ওই ভিসানীতি পড়েছে, নাকি কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে?”

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুধু গাজীপুর কেন, আমাদের সময়ে যত নির্বাচন হবে সবগুলো একই মানের করার চেষ্টা করবো।”

তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। তাদের কোনো নির্দেশনাও আমরা পাইনি। আমরা আশাও করিনি। স্বাধীন সংস্থা হিসেবে আমরা আমাদের মতো সংবিধানে যা আছে, আইনে যা আছে সেই অনুযায়ী কাজ করছি।”

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট করা সম্ভব কি-না জানতে চাইলে তিনি বলেন, “আমি রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিবো না। আমাদের দায়িত্ব হলো যেকোনো পরিস্থিতে যেকোনো পরিবেশে আইন মেনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। প্রথমদিক থেকেই বলছি, আমাদের কেউ চাপ দেয় না। আমরা কারও চাপ নেইও না। আমরা প্রথম থেকেই মুক্ত আছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মুক্ত থাকবো।”

   

About

Popular Links

x