ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল অংশের ২০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। দুটি দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট বিস্তৃত হয়ে যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হয়।
বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস পর্যন্ত এ অচলাবস্থায় ভোগান্তিতে পড়েছেন উভয় পাশের যাত্রী ও চালকরা।
সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ ছিল। মধ্যরাতে সদর উপজেলার মাদারজানী এলাকায় ঢাকাগামী একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যান রাস্তায় উল্টে যায়। এতে ঢাকাগামী লেনটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়িটি রাস্তা থেকে সরাতে সরাতে দেখা দেয় যানজট।
আবার কালিহাতীর কামাক্ষার মোড় এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়। ট্রাকটি সরিয়ে নেওয়ার আগেই ঢাকাগামী অন্যান্য গাড়ি উল্টোপথে চলতে শুরু করে। ফলে সেখানেও যানজট দেখা দেয়।
এলেঙ্গা হাইওয়ে থানার ইনর্চাজ জাহিদ হাসান বলেন, বৃহস্পতিবার রাতে গাড়ির বাড়তি চাপ ছিল। এরই মধ্যে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
দুপুর ১টার দিকে তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, বেলা ১১টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় আবার আগের মতো ধীরগতি দেখা দিয়েছে।
তবে বৃষ্টি থেমে গেলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদী তিনি।



