Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের দিন সকালে বাস-পিকআপ সংঘর্ষ, একজনের মৃত্যু

দুর্ঘটনায় আহত বাসের এক যাত্রী জানান, বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৬:৩০ পিএম

ঈদের দিন রংপুর নগরীর হাজিরহাট এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চার যাত্রী।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মিনহাজুল ইসলাম। তিনি পিকআপ ভ্যানের চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকাল ৯টার দিকে হানিফ পরিবহনের একটি বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। বাসটি হাজিরহাট এলাকায় এলে রংপুর থেকে সৈয়দপুরগামী মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক মিনহাজ নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহত পিকআপ চালকের লাশ উদ্ধার করে। আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত পিকআপের যাত্রী সামসুল জানান, তিনি চালকের পাশে বসেছিলেন। বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। তার অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।

মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসচালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। তবে বাসটি জব্দ করা হয়েছে।

   

About

Popular Links

x