Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেলমন্ত্রী: উন্নয়ন হচ্ছে, ভোটটা ঠিকমতো দিয়েন উল্টাপাল্টা কইরেন না

রেলমন্ত্রী বলেন, ‘সামনে ভোট আসতেছে। উন্নয়নের কাজ যেন ঠিকভাবে চালিয়ে নেওয়া যায়। ভোটটা ঠিকমতো দিয়েন, উল্টাপাল্টা কইরেন না’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৫:৪০ পিএম

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, “সামনে ভোট আসতেছে। উন্নয়নের কাজ যেন ঠিকভাবে চালিয়ে নেওয়া যায়। ভোটটা ঠিকমতো দিয়েন, উল্টাপাল্টা কইরেন না।”

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ রেল স্টেশন পরিদর্শনে শেষে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি এ কথা বলেন। 

এর আগে চাষাঢ়া রেল স্টেশন ও নারায়ণগঞ্জ রেল স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিংয়ে ডাবল লাইন নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা সরেজমিনে পরিদর্শন করেন রেলমন্ত্রী।

পরিদর্শন শেষে তিনি বলেন, “উন্নয়নের প্রয়োজনে রেলওয়ের জায়গা কেউ দখল করে রাখলে, তা সরাসরি উচ্ছেদ করবো। আমাদের কতগুলো জায়গা বেদখল হয়ে গেছে। রেলের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দিক বিবেচনা করে আমরা উচ্ছেদের সিদ্ধান্ত নেবো। এখানে রেলের জায়গা ছিল। এটাকে উদ্যোগ নিয়ে একটি সরকারি সংস্থা পার্ক করেছে। এটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় জনস্বার্থে, দেশ ও এলাকার স্বার্থে জায়গা নেওয়া হয়েছে, সেগুলো সমঝোতার দৃষ্টিতে সমাধান করেছি।”

রেলমন্ত্রী বলেন, “সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করে ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। প্রধানমন্ত্রী বলেছেন এটা সেবামূলক। তাই সব যানবাহনে ভাড়া বাড়লেও একমাত্র ট্রেনের ভাড়া বাড়েনি।”

নূরুল ইসলাম সুজন বলেন, “রেলের অ্যাক্টিভিটিস দিন দিন বাড়ছে। রেল ডেভেলপ করছে। তাই উন্নয়নের কাজ চলমান রয়েছে। কমলাপুরে মাল্টি মডেল হাব হচ্ছে। চট্টগ্রামে যে পোর্ট হচ্ছে, সেখানে রেল স্টেশনের সংযুক্ত আছে। ঢাকার সঙ্গে চট্টগ্রামের লাইন হবে। নারায়ণগঞ্জও যুক্ত হবে। চিটাগাংয়ের সঙ্গে ঢাকা ও নারায়ণগঞ্জের রেলপথের দূরত্ব ৯০ কিলোমিটার কমে যাবে। এখন আছে ৩২১ কিলোমিটার তখন হবে ২৩১ কিলোমিটার। নারায়ণগঞ্জের যেমন পরিবর্তন হচ্ছে এভাবে গোটা দেশের উন্নয়ন হচ্ছে।”

বিএনপির আন্দোলন প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতায় থেকে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নষ্ট করেছে। তবে এখন তারা গণতন্ত্রের কথা বলে নির্বাচনী পবিবেশকে গরম করছে। তাদের সম্পর্কে এ দেশের মানুষ জানে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

   

About

Popular Links

x