Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

র‌্যাব: সাধারণ নয়, গুলিস্তানে বিস্ফোরণ ছিল শক্তিশালী

মেজর মশিউর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে তদন্ত করে পেয়েছি, ভবনের বিস্ফোরণ হয়েছে বেসমেন্ট থেকে। এটা স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়, এটি একটি শক্তিশালী বিস্ফোরণ

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৫:৫২ পিএম

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।

তিনি বলেছেন, “আমরা প্রাথমিকভাবে তদন্ত করে পেয়েছি, ভবনের বিস্ফোরণ হয়েছে বেসমেন্ট থেকে। এটা স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়, এটি একটি শক্তিশালী বিস্ফোরণ। এটি গ্যাস লিকেজের কারণে হয়ে থাকতে পারে, কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটতে পারে। তবে এ ঘটনা এসি থেকে ঘটার আশঙ্কা খুবই কম।”

বুধবার (৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

মেজর মশিউর রহমান বলেন, “আমাদের র‌্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে উপস্থিত আছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও রাজউকের বিশেষজ্ঞরা আছেন। আমরা সবাই সমন্বয় করে কাজ করছি।”

তিনি বলেন, “আমরা এখান থেকে স্যাম্পল কালেকশন করেছি। তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছি। ঘটনাটা নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি এখানে কী ধরনের বিস্ফোরণ হয়েছে। আদৌ গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে নাকি অন্য কোনো কিছু জড়িত, তা-ও জানার চেষ্টা করছি।”

র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান বলেন, “ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কি-না, তা জানার জন্য আমাদের র‌্যাবের ডগ স্কোয়াড টিম ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। যদি কেউ থেকে থাকে, জীবিত অথবা মৃত, তাহলে তাদের বের করে আনার জন্য আমাদের ডগ স্কোয়াড টিম এবং ফায়ার সার্ভিসের বাহিনী সহায়তা করবে।”

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন।

   

About

Popular Links

x