Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে গর্ভপাতের সময় রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু

অবিবাহিত হয়েও সাত মাসের অন্তঃসত্তা হওয়ায় রবিবার রাতে সে টাঙ্গাইলের মধুপুরের কোনো এক এলাকায় গর্ভপাত করাতে যায়

আপডেট : ২৬ জুন ২০২৩, ১১:১৫ পিএম

টাঙ্গাইলে গর্ভপাত ঘটাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে এক কলেজছাত্রীর (২০) মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (২৬ জুন) ভোররাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি জামালপুর সদর উপজেলায়। তিনি এ বছর এইচএসসি পাশ করেন।

মৃতের পরিবার জানায়, অবিবাহিত কলেজছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অভিভাবকরা জানতেন না। গর্ভধারণের সাত মাস পার হলে রবিবার রাতে তিনি মধুপুর উপজেলার কোনো এক জায়গায় গর্ভপাত করাতে যান। এ সময় তার প্রেমিক সঙ্গে ছিলেন। গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান প্রেমিক। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রী ও তার গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়েই মরদেহ রেখে তার প্রেমিক সেখান থেকে পালিয়ে যান।

মৃতের মা বলেন, “আমার মেয়ের বিয়ে হয়নি। প্রেমের সম্পর্কের কারণে সে অন্তঃসত্ত্বা হয়। রবিবার চাকরির পরীক্ষার কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে পুলিশ তার মৃত্যুর খবর দেয়।”

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম হাবিবুল্লাহ বাহার বলেন, “রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, “বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x