ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সোমবার (২৬ জুন) দিবাগত বাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হয়েছে এবং এই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বছর ২০২২ সালের ৬ জুলায় ঈদযাত্রায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়। অপরদিকে ২০২১ সালের ১২ মে ঈদযাত্রায় সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর ওপর দিয়ে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪৯১টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ২ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৮ হাজার ৯৯৭টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।
জানা যায়, দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগমাধ্যম এই মহাসড়কটি। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। এ সড়ক দিয়ে প্রায় ২৩-২৪টি জেলার যানবাহন চলাচল করে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “ঈদযাত্রায় বিপুল সংখ্যক যানবাহন পারাপার হওয়ায় একসঙ্গে যানবাহন ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সেতুর দুই পাশে ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। এর মধ্যে দুই পাশে ২টি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ করা হয়েছে।”
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) পদ্ধতিতে।



