‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান,’ ঢাকার কদমতলীতে একটি দোকানে চুরি করতে ঢুকে গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে এভাবে পুলিশের সহায়তা চান হৃদয় নামে এক চোর।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ৯৯৯ এ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকার কদমতলী থানার খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে দোকান থেকে হৃদয় নামে একজন ফোন করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল মিঠুন সরেন।
কল করে হৃদয় বলেন, “হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।”
তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।
খবর পেয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, স্থানীয়রা হৃদয়কে ধরে ফেলেছে এবং মারধর করেছে।
পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরবর্তীতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
এসআই আল আমীন বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে।”



