Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফার্মগেট ওভারব্রিজে যেন হকার না বসে, মেয়র আতিকের হুঁশিয়ারি

আইনশৃঙ্খলা বাহিনীসহ উপস্থিত সবার উদ্দেশে মেয়র বলেন, ‘এটা সাধারণ পথচারীদের চলাচলের রাস্তা, কেউ যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটাতে পারে’

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ পিএম

রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটে নব-নির্মিত ফুটওভার ব্রিজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ফুটওভার ব্রিজটি উদ্বোধনের পর মেয়র আতিকুল ইসলাম বলেছেন, “জাতীয় সংসদ ভবনের সঙ্গে মিল রেখে এটি নির্মাণ করা হয়েছে। আমাদের এখন খেয়াল রাখতে হবে, এটাতে যেন হকার না বসে।”

রবিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেটে ওভার ব্রিজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আইনশৃঙ্খলা বাহিনীসহ উপস্থিত সবার উদ্দেশে মেয়র বলেন, “ফুট ওভারব্রিজ তো হলো, এখন এটাতে যেন কেউ দোকান না বসায়, হকার না বসে। এটা সাধারণ পথচারীদের চলাচলের রাস্তা, কেউ যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটাতে পারে।”

ডিএনসিসির মেয়র বলেন, “পুলিশ বাহিনীর জন্য রাস্তায় পুলিশ বক্সের প্রয়োজন আছে। ডিএমপির মাধ্যমে আবেদন করলে আমরা আলোচনা সাপেক্ষে করে দেবো। এমনভাবে করবো, যাতে পথচারী এবং পুলিশ সদস্যদের কোনো অসুবিধা না হয়।”

ফুটপাত বন্ধ না করে, জনসাধারণের চলাচল স্বাভাবিক রেখে আধুনিক সুবিধার একটি পুলিশ বক্স নির্মাণের জন্য ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ সময় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান ও সংরক্ষিত নারী কাউন্সিলর হামিদা আক্তার মিতু বক্তব্য রাখেন।

   

About

Popular Links

x