Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাদের: নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন

নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন বলে জানান ওবায়দুল কাদের

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০২:৪২ পিএম

আগামী নভেম্বর মাসের মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার (২১ অক্টোবর) ওসমানী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনের সিডিউল হবে নভেম্বরের মাঝামাঝি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানুয়ারিতে। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন। কারও জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে। আওয়ামী লীগ বাদ দেয়নি। যে জিনিস নাই, সেটা দাবি করছে বিএনপি। এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারো জন্য নির্বাচন আটকে থাকবে না। কেউ আসুক আর না আসুক, তার জন্য অপেক্ষা করা হবে না।”

সড়ক পরিবহন আইনের সংশোধনের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আইন পরিবর্তন করার কি সময় আছে? জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানুয়ারিতে নির্বাচনে যারাই (ক্ষমতায়) আসেন— প্রয়োজনে সংযোজন, বিয়োজন ও সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয় আপাতত মূলতবি রাখতে হবে।”

দাবিগুলো ন্যায় ও যুক্তিসঙ্গত হলেও এখন কিছু করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, “আমি পারফেক্ট মানুষ— এ দাবি করবো না। ভুলত্রুটি হতে পারে। ভালো করার চেষ্টা করেছি, দুর্নীতি কমানোর চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি।”

২০১৭ সাল থেকে প্রতিবছরের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হয়। সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে থাকে।

   

About

Popular Links

x