জাতীয় জরুরি সেবা ‘‘৯৯৯’’ নম্বরে ফোন পেয়ে ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে সুমি নামে নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) ধানমন্ডির ১১ নম্বর রোডের ৪০/বি নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়।
৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, মঙ্গলবার ওই গৃহকর্মী ফোন করেন। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ। ওই গৃহকর্মী তাকে বলেন, “আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইবো। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু। আমাকে বাঁচান।” বিষয়টি তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। থানার ৯৯৯ এর দায়িত্বে থাকা এসআই আল মামুন কলার ও উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করে অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেয়।
তবে গৃহকর্মী ও তার বাবা-মা আইনি পদক্ষেপ নিতে বা লিখিত অভিযোগে দিতে অনিচ্ছা প্রকাশ করেন।



