ভারত আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণার পরপরই দেশের বাজারে পণ্যটি নিয়ে অস্থিরতা তৈরি হয়। দুইদিনের ব্যবধানে কোনো কোনো স্থানে পেঁয়াজের দাম বাড়ে একশো টাকা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে নামে ভ্রাম্যমাণ আদালত।
জয়পুরহাটের বাজারগুলোতেও বাড়তি দামে বেচাকেনা চলছিল পেঁয়াজের। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নামে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা কেজিতে ১০০ টাকা কমিয়ে ফেলে পেঁয়াজের দাম। এতে পেঁয়াজ কেনার হিড়িক পড়ে। ভিড় জমান ক্রেতারা।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে জয়পুরহাট শহরের নতুনহাট পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, হঠাৎ আবারও বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বাড়িয়ে ২০০ থেকে ২২০ টাকাতে বিক্রি শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামে জেলা প্রশাসন। অভিযান জানতে পেরে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি শুরু করলে ক্রেতাদের ভিড় জমে যায় পেঁয়াজের দোকানে।



