Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০২৩ সালে জনশক্তি রপ্তানি বেড়েছে ১৫%

গত বছর ডাক্তার, নার্স, প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞসহ ৫০ হাজার ১৫৮ জন পেশাদার কর্মীকেও বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ। তার আগের বছর এ সংখ্যা ছিল মাত্র ৩ হাজার ৬৪০ জন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:৩৯ পিএম

সদ্য গত হওয়া ২০২৩ সালে রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছর বিশ্বের ১৩৭টি দেশে বাংলাদেশের ১৩ লাখ কর্মীর কর্মসংস্থান হয়েছে। তার আগের বছর ২০২২ সালে এ সংখ্যা ছিল ১১ লাখ ৩৫ হাজার। অর্থাৎ এক বছরে ১৫% বেশি জনশক্তি রপ্তানি করেছে বাংলাদেশ।

তবে রেমিট্যান্স প্রবাহ তেমন একটা বাড়েনি। ২০২২ সালের তুলনায় ৩% বেড়ে ২০২৩ সালে ২১.৯২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। ২০২২ সালে ২১.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দা বিজনেস স্টান্ডার্ড।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার হার বাড়িয়েছে সৌদি আরব; অন্যদিকে বাংলাদেশি কর্মীদের জন্য খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। এই দুটি কারণে জনশক্তি রপ্তানি বেড়েছে। মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশের ৩.৫১ লাখ কর্মী কাজে যুক্ত আছেন। আর  সৌদি আরব বাংলাদেশি কর্মীদের জন্য কোটা ২৫% থেকে বাড়িয়ে ৪০% করেছে। সৌদি আরবে বিভিন্ন খাতে বাংলাদেশের ৪.৯৮ লাখ কর্মী কাজে নিয়োজিত আছেন।

মধ্যপ্রাচ্যের গন্তব্যের পাশাপাশি ইতালি ও যুক্তরাজ্যের মতো অপ্রচলিত বাজারগুলোতেও জনশক্তি রপ্তানি বেড়েছে বাংলাদেশের। ইতালিতে বিভিন্ন খাতে ১৬ হাজার ৯২৬ জন বাংলাদেশি কর্মী নিয়োজিত আছেন। যুক্তরাজ্যে কাজে যুক্ত আছেন বাংলাদেশের ১০ হাজার ৪৩৭ জন কর্মী। এছাড়া দক্ষিণ কোরিয়ায় নিয়োগ পেয়েছেন প্রায় ৫ হাজার বাংলাদেশি। সিঙ্গাপুরে নিয়োগ পেয়েছেন ৫৩ হাজার বাংলাদেশি।

গত বছর ডাক্তার, নার্স, প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞসহ ৫০ হাজার ১৫৮ জন পেশাদার কর্মীকেও বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ। আগের বছর এ সংখ্যা ছিল মাত্র ৩ হাজার ৬৪০ জন।

   

About

Popular Links

x