Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাটুরিয়ায় ফেরিডুবি: এখনও উদ্ধার হয়নি ছয় যানবাহন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধার অভিযানের অগ্রগতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৫১ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় এখনও উদ্ধার হয়নি ছয়টি যানবাহন। নয়টি যানবাহনসহ ওই ফেরিটি গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে ডুবে যায়। উদ্ধার তৎপরতা চালিয়ে তিনটি গাড়ি পানি থেকে তোলা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে পদ্মায় তলিয়ে যাওয়া ফেরি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ “প্রত্যয়” পাটুরিয়া ফেরি ঘাটে পৌঁছায়। তবে সন্ধ্যা পর্যন্ত সেটি উদ্ধারে কাজ শুরু করতে পারেনি এই জাহাজ।

এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধার অভিযানের অগ্রগতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

মুজিবুল হক নামে এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, “ডুবে যাওয়া বাকি যানবাহনগুলো ‘প্রত্যয়’ জাহাজ দিয়ে উদ্ধার করা হবে। দুপুর ২টার দিকে জাহাজটি পৌঁছালেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।”

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (এফএসসিডি) উপ-পরিচালক মো. আবদুল হামিদ বলেন, “নদীতে ডুবে যাওয়া নয়টি গাড়ির মধ্যে এ পর্যন্ত তিনটি উদ্ধার হয়েছে।”

তিনি বলেন, “ডুবে যাওয়া বাকি যানবাহনগুলোর অবস্থান আমরা চিহ্নিত করতে পারিনি। এখন আমরা ডুবে যাওয়া ফেরি উদ্ধারে নজর দিচ্ছি।”

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ ও নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক শাহজাহান বলেন, “নিখোঁজ গাড়িগুলো উদ্ধারে এফএসসিডি, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা একসঙ্গে কাজ করছে।”

তিনি জানান, শুক্রবার পর্যন্ত ডুবে যাওয়া হুমায়ুন কবিরের খোঁজ পাননি তারা।

উদ্ধার অভিযান শুরুতে বিলম্বের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ কর্মকর্তা বলেন, “ভাসমান ফেরি আর ডুবন্ত ফেরির অবস্থান এক নয়। ডুবে যাওয়া এই ফেরিটি সম্পূর্ণ উল্টে গেছে। তাই অভিযান পরিচালনায় বিলম্ব হচ্ছে। তবে ফেরি উদ্ধারের দৃশ্যমান কাজ শুরুর চেষ্টা চলছে।”

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, “শুক্রবার সকাল থেকে ডুবে যাওয়া ফেরির বেশ কয়েকটি শক্ত অংশ দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে।”

তিনি আরও বলেন, “উদ্ধার অভিযান পরিচালনার জন্য ১০টি এয়ার লিফটিং ব্যাগে বাতাস প্রবেশ করানো হবে। তবে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত উদ্ধারের মূল অভিযান শুরু হয়নি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে উদ্ধার কাজ শুরু হবে।”

এ ফেরিডুবির ঘটনায় ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার একটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের এবং অন্যটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)।

   

About

Popular Links

x