Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

বইয়ের পাতা ছিঁড়ে ফেলা আসিফের সঙ্গে চুক্তি নবায়ন করবে না ব্র্যাক

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাতা ছিঁড়ে আলোচনায় আসেন আসিফ মাহাতাব

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৫৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তে অন্যতম আলোচিত বিষয় “শরীফার গল্প”। সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের এই অধ্যায়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য পাঠ্যবইয়ে এই অংশটি যুক্ত করা হলেও অনেকের অভিযোগ, হিজড়া এবং ট্রান্সজেন্ডার বিষয়ে সঠিক সংজ্ঞা না থাকায় বিতর্কের সুযোগ সৃষ্টি হয়েছে।

আসিফ মাহাতাব নামে ব্র্যাক ইউনিভার্সিটি একজন খণ্ডকালীন শিক্ষক “সমকামিতা” প্রচারের অভিযোগ তুলে প্রকাশ্যে সপ্তম শ্রেণির ওই বইয়ের পাতা ছেঁড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা দ্রুত ছড়িয়ে পড়ে।  এরপর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তার সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানান, তবে একটি পক্ষ ব্র্যাক ইউনিভার্সিটির বিরুদ্ধে সমকামিতা প্রচার ও প্রসারের অভিযোগ তোলে।

তবে “ব্র্যাক ইউনিভার্সিটি সমকামিতার প্রচার ও প্রসারের সঙ্গে যুক্ত” এমন অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে প্রতিষ্ঠানটি ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের খণ্ডকালীন শিক্ষক হিসেবে আসিফ মাহতাব উৎস’র সঙ্গে নতুন চুক্তি না করার কারণও জানানো হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) ব্র্যাক ইউনিভার্সিটির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহতাবের সঙ্গে চুক্তি নবায়ন না করার বিষয়ে জানানো হয়।

প্রতিষ্ঠানটি বলছে, সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্র্যাক ইউনিভার্সিটি সব মত ও আদর্শের জন্য সহনশীলতা ও সম্মানের ভিত্তিতে গঠনমূলক আলোচনা, বিতর্ক এবং পারস্পরিক মতবিনিময়ে বিশ্বাস করে। কিন্তু ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আচরণ যা ব্র্যাক ইউনিভার্সিটি সমর্থন করে না।

জনসংযোগ কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আচরণ, যা ব্র্যাক ইউনিভার্সিটি সমর্থন করে না। সাম্প্রতিক সময়ে ব্র্যাকের শিক্ষক আসিফ মাহতাব উৎসের সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেঁড়া এবং পাবলিক ফোরামে অন্যদেরকে একই কাজ করতে বলার ঘটনাটিকে ব্র্যাক ইউনিভার্সিটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে। এ ধরনের অশিক্ষকসুলভ আচরণকে তারা কোনোভাবেই সমর্থন করে না।

এ কারণে ব্র্যাক ইউনিভার্সিটি ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের জন্য আসিফ মাহতাবকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নতুন চুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউনিভার্সিটি মাহতাবকে এই সেমিস্টারের প্রস্তুতিমূলক কাজে তার সময় ও প্রচেষ্টার জন্য পারিশ্রমিক প্রদান করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্র্যাক ইউনিভার্সিটি সব ক্ষেত্রে দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের প্রচলিত বিধিবিধান মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই ব্র্যাক ইউনিভার্সিটি সমকামিতার প্রচার ও প্রসারের সঙ্গে যুক্ত; সামাজিক মাধ্যমে কিছু মহলের এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ব্র্যাক ইউনিভার্সিটি প্রত্যেকটি মানুষের সমান অধিকার এবং সম্ভাবনা বিকাশের পথে সমান সুযোগ সৃষ্টিতে বিশ্বাস করে।

এর আগে, গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে “বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ” শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার বিরোধীতা করেন আসিফ মাহতাব। এ সময় তিনি সবার সামনে ওই পাঠ্যবই থেকে “শরীফার গল্প” অংশের পাতা ছিঁড়ে ফেলেন।

   

About

Popular Links

x