Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশ দেখে পালাতে গিয়ে দোকানে ঢুকে পড়লো গাঁজা বহনকারী মিনি ট্রাক

  • চট্টগ্রামের সীতাকুণ্ডে এমন ঘটনা ঘটেছে
  • চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ দেখে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাঁজাভর্তি মিনি ট্রাক সিরামিকের দোকানে ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গ্রেপ্তাররা হলেন- খুলনার বটিয়াঘাটা থানার চাচির বুনিয়া গ্রামের মো. হানিফ শেখ (৪২) ও সাগর শেখ (২৮), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফরিদগঞ্জ গ্রামের মো. রাসেল ফকির (৩৬) এবং বাগেরহাটের মোংলা পৌরসভার কলেজ রোড এলাকার মিজান শেখ (৩২)।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানে করে বগুড়া থেকে গাঁজা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন চার মাদক ব্যবসায়ী। রাত দুইটার দিকে তারা বিএমএ গেট এলাকায় পৌঁছালে সেখানে থানা-পুলিশের টহল দলের একটি গাড়ি দেখতে পান। পুলিশ দেখে পালাতে গিয়ে তারা গাড়ি চট্টগ্রামের দিকে না নিয়ে বিএমএ গেট এলাকার ইউটার্ন দিয়ে ঘুরিয়ে ঢাকামুখী লেন ধরে পালাতে শুরু করেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে একটি সিরামিকের দোকানে ঢুকে যায় পিকআপটি। এরপর সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ পিকআপটি জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, জব্দ করা গাঁজার পরিমাণ ৯৮ কেজি। তাদের কাছে তথ্য ছিল, মাদকের একটি বড় চালান চট্টগ্রামের দিকে যাচ্ছে। সে তথ্যের ভিত্তিতে তারা পুলিশের দুটি দল মহাসড়কে মোতায়েন করে। মাদক পরিবহনকারী মিনি ট্রাকটি বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করায় দুর্ঘটনার কবলে পড়ে।

এ ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা করেন।

   

About

Popular Links

x