Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রমন্ত্রী: কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ ও নাবিকদের শিগগিরিই উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান তিনি

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পিএম

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি এবং তাদের হামলায় বুধবার (১০ এপ্রিল) এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “অত্যন্ত দুঃখজনকভাবে বিভিন্ন জেলা শহরে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যাতে যথাযথ পদক্ষেপ নেয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।”

বুধবার চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের পর স্বাভাবিক জেলে না রেখে সংশোধনাগারে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ, সাধারণ জেলে যদি তাদেরকে পাঠানো হয় সেখানে থাকা অন্যান্য সন্ত্রাসীদের সাথে যুক্ত হয়ে তারা আরো ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে উঠতে পারে। দেশে এটি নতুন সমস্যা, এটি দূর করতে সরকার কাজ করছে। কিশোর গ্যাংয়ের নেপথ্যে যেই থাকুক, সে যেই দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছে।”

হাছান মাহমুদ বলেন, “আপনারা জানেন আমাদের দেশে রমজান আসার আগে এবং রমজানের সময় দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য একটি অসাধু চক্র ও কিছু মজুতদার সবসময় সক্রিয় হয়। এবারও তার ব্যত্যয় হয়নি। সেটির সাথে নতুনভাবে যুক্ত হয়েছিল বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক। তাদের উদ্দেশ্য ছিল বাজারকে অস্থিতিশীল করা, পণ্যের মূল্য যাতে বাড়ে। কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রেক্ষিতে এবার রমজানের সময় বাজার স্থিতিশীল ছিল এবং অনেক পণ্যের দাম কমেছে।”

বিএনপি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যাদের জন্মটাই অগণতান্ত্রিক আর প্রতিনিয়ত গণতন্ত্র ধ্বংস করার জন্য অপচেষ্টা চালায়, সেই বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, এটিই হচ্ছে দুঃখজনক। এটি যেন, চোরের মায়ের বড় গলা।”

সোমালিয়ার জলদস্যুদের কাছে আটক জাহাজ এমভি আবদুল্লাহ ও নাবিকদের কখন উদ্ধার করা সম্ভব হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জলদস্যুদের হাত থেকে নাবিক এবং জাহাজ দুটিই উদ্ধারের ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। আশা করছি শিগগিরই তাদেরকে মুক্ত করতে পারব। তবে উদ্ধারের দিনক্ষণ বলাটা কঠিন।”

তিনি বলেন, “আমরা নাবিকদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে, সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। প্রথমত, যারা অপহরণ করেছে তাদের সাথে বিভিন্ন পক্ষের মাধ্যমে আলোচনা চলছে। দ্বিতীয়ত, তাদের ওপর মনস্তাত্বিক প্রচুর চাপ তৈরি করা হয়েছে। নাবিকরা ভালো আছে, নিয়মিতভাবে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। এমনকি ভিডিও কলেও কথা বলছে। যে উদ্বেগটা কিছুদিন আগে ছিল সেটি এই মুহূর্তে নেই। আমরা আশা করছি, তাদেরকে শিগগির মুক্ত করতে পারব।”

   

About

Popular Links

x