বগুড়ায় গরুর পচা কলিজা বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি তাকে বাজার থেকে বহিষ্কার ও ব্যবসা বন্ধ করে দিয়েছে বাজার সমিতি।
শহরের কলোনি বাজারের অভিযুক্ত দোকানটির নাম “বাদশা গোশত ঘর”। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে সেখানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এই সরকারি কর্মকর্তা জানান, কলোনি বাজারের বাদশা গোশত ঘরের মালিক নবাব তার কাছে গরুর পচা কলিজা বিক্রি করেছেন বলে রবিবার দুপুরে এক ভোক্তা অভিযোগ করেন। আধা কেজি কলিজার মূল্য নেওয়া হয় ৪৫০ টাকা। তাৎক্ষণিকভাবে দোকানটিতে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে নবাব বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বিষয়টি স্বীকার করেন।
এই কর্মকর্তা আরও জানান, গোশত ঘরের মালিক নবাব ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার পর কলোনি বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জরুরি সিদ্ধান্তে তাকে বাজার থেকে বহিষ্কার ও তার ব্যবসাপ্রতিষ্ঠান বাদশা গোশত ঘর বন্ধ করে দেয়।



