চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেছেন।
বৃহস্পতিবার (৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর বলেছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি “ওয়াইএকে-১৩০” প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারক ইরকুত কর্পোরেশন নির্মিত ইয়াক ১৩০ (Yak-130) যুদ্ধবিমানটি সাবসনিক দুই সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধবিমান। এই যুদ্ধযান ১৯৯৬ সালে প্রথম আকাশে উড্ডয়ন করে। ২০০২ সালে এটিকে রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচন করা হয়। ২০১৫ সালে এই বিমান প্রথমবারের মতো বাংলাদেশে আসে।



