নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ করা হয়েছে আনুমানিক ২০ লাখ ২০ হাজার টাকার গাঁজা ও পরিবহনে ব্যবহৃত কভার্ড ভ্যান। বিপুল পরিমাণ এই মাদকের চালান কুমিল্লা থেকে নওগাঁয় নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য।
রবিবার (৯ জুন) দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সান্তোষপাড়া এলাকায় গাঁজাসহ গ্রেপ্তার করা হয়- ওই এলাকার টুয়েল মন্ডল ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সুমন বাপ্পিকে (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কভার্ড ভ্যানে গাঁজা নিয়ে এসে সান্তোষপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে পরস্পরের মধ্যে হস্তান্তর করবে মাদক কারবারিরা, গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়াগামী পাকা রাস্তায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকিরা পালিয়ে গেলেও এ সময় সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে গ্রেপ্তার করা হয়। কভার্ড ভ্যান তল্লাশি করা হলে চারটি পাটের বস্তায় গাঁজা পাওয়া যায়।
গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তার ব্যক্তিরা।
আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এতে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতকদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।



