Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাদের: পদ্মাসেতুর দুই প্রান্তে আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে

শেখ হাসিনার অর্জনগুলো অগ্নিসন্ত্রাসের ধ্বংসলীলায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে অর্জনগুলো বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংসলীলায় পরিণত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর শ্যামলীতে সম্পা মার্কেট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “আজকে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ জয় বাংলা আক্রান্ত, একাত্তরের মহাবিজয় আজ আক্রান্ত।”

তিনি বলেন, “জাতির অর্জন মেট্রারেল ধ্বংস লীলা, পুড়ে ছাই হয়ে গেছে। যে সেতুভবন পদ্মাসেতু করেছে, সেই সেতুভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “পদ্মাসেতুর মাওয়া প্রান্ত, জাজিরা প্রান্ত বার বার আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে।”

তিনি আরও বলেন, “আমার দেশ ও অর্জন যখন আক্রান্ত হয়, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। মির্জা ফখরুল তাদের পক্ষে কথা বলেন। এর মাধ্যমে প্রমাণ হয়— তারা দেশের অর্জন চায় না, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না।”

ওবায়দুল কাদের বলেন, “আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক বাহক বিটিভিকে পুড়ে ছাই করে দিয়েছে। মির্জা ফখরুল এখনও ধ্বংসের সুরে কথা বলেন। আর কত ধ্বংস চান?”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। দুর্যোগে শেখ হাসিনাই ঠিকানা।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।”

শেখ হাসিনার ডাকে আগুনসন্ত্রাসের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

   

About

Popular Links

x