মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের মধ্যে সীমান্ত পেরিয়ে অন্তত আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার তথ্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কাছে তথ্য আছে ৮ হাজারের মতো রোহিঙ্গা দেশে ঢুকে গেছে। এখানে বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়ে তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কীভাবে ঠেকানো যায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। ”
উপদেষ্টা বলেন, “অন্তবর্তীকালীন সরকার নীতিগতভাবে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। এখানে অনেকগুলো ফোর্স কাজ করে, ওই জায়গায় কিছু দুর্নীতি জড়িত নয়, এটা আমি বলতে পারি না। এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে।”
বর্তমানে সরকারের একজন উপদেষ্টা হিসেবে তৌহিদ হোসেনের অবস্থান জানতে চাওয়া হলে জাবাবে তিনি বলেন, “আমি এখনও তাই মনে করি। তবে বিষয়টা ব্যক্তিগতভাবে আমার একার না। সরকারিভাবে এটা কতটুকু সম্ভব আমার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আপনারা আশা করবেন না। কারণ, আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন যে ভাষায় কথা বলতে পেরেছি, এখন আমি যদি কোনো কথা বলি, খেয়াল রাখতে হবে আমি প্রতিনিধিত্ব করি সরকারের।”



