সাভারের আলোচিত রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানার জামিন প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই দুই মাস সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
এর আগে গত ১ অক্টোবর এই মামলায় সোহেল রানাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। পরে হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এরপর গত ২ অক্টোবর রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিলে আটতলা রানা প্লাজা ধসে ১ হাজার ১০০ জন নিহত এবং ২ হাজার ৫০০ জন আহত হন। এই বহুতল ভবনে পাঁচটি গার্মেন্টস কারখানায় পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন।



